নিজস্ব প্রতিবেদক,
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারী প্রকৌশলী আল আমিনের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। মাত্র ২২ হাজার টাকা মূল বেতনের সরকারি চাকরি করেও বরিশাল নগরীর রুপাতলি হাউজিং এলাকায় তার মালিকানাধীন একটি ৯ তলা ভবন (যার বাজার মূল্য ১৬ কোটি টাকা) ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৪ বছরের চাকরিজীবনে আল আমিনের নামে ও নামে-বেনামে বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় কোটি কোটি টাকার সম্পদ গড়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে রুপাতলি হাউজিং এলাকার বহুতল ভবনটি সবচেয়ে আলোচিত। পাশাপাশি তার আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠদের নামে একাধিক প্লট, ফ্ল্যাট এবং ব্যবসায়িক বিনিয়োগ থাকার তথ্যও রয়েছে বলে দাবি স্থানীয়দের।
অভিযোগকারীদের ভাষ্য, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি ক্ষমতার অপব্যবহার ও নানা অনিয়মের মাধ্যমে এসব সম্পদ অর্জন করা হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্ত বা বক্তব্য পাওয়া যায়নি।
সচেতন মহল মনে করছে, বিষয়টি দ্রুত দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সহকারী প্রকৌশলী আল আমিনের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে তা প্রকাশ করা হবে।