নিজস্ব প্রতিবেদক,
চলতি ফেব্রুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫৬ টাকা।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিইআরসি এই মূল্য সমন্বয়ের ঘোষণা দেয়। সংস্থাটি জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে। একই সঙ্গে অটো গ্যাসের দামও বাড়ানো হয়েছে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ফেব্রুয়ারি মাসের জন্য আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে ১২ কেজি এলপিজির দাম ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে আগের ১ হাজার ৩০৬ টাকা থেকে দাম বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৬ টাকায়।
এর আগে গত ৪ জানুয়ারি এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়।