মো. জামাল হোসেন খান,
সন্ত্রাসী, চাঁদাবাজ ও সংখ্যালঘু নির্যাতনকারীদের হুঁশিয়ারি দিয়ে বরগুনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মনি বলেছেন, "সন্ত্রাসী ও চাঁদাবাজদের জায়গা বিএনপিতে নেই। তারা যতই প্রবেশের চেষ্টা করুক, দলে তাদের কখনোই ঠাঁই হবে না।" তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে নদী ভাঙন রোধসহ এলাকার রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করা হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত সর্বশেষ নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নুরুল ইসলাম মনি ছাড়াও বক্তব্য রাখেন:
মো. ফজলুল রহমান, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক, বরগুনা জেলা বিএনপি।
আশিকুল সালেহীন, নুরুল ইসলাম মনির পুত্র।
হুমায়ূন কবির মল্লিক, আহ্বায়ক, বেতাগী পৌর নির্বাচন পরিচালনা কমিটি।
এস.এম নুরুল ইসলাম পান্না, সদস্য সচিব, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি।
হাবীবুর রহমান নান্না, সদস্য সচিব, পৌর বিএনপি।
এছাড়াও নারী নেত্রী পিয়ারা বেগম, মেরী বেগম, জোৎস্না বেগমসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সভায় উপস্থিত থেকে ধানের শীষের সমর্থনে বক্তব্য প্রদান করেন। জনসভায় বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষ মার্কার জয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।