মোঃ মহিউদ্দিন খাঁন রানা,
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নির্বাচন-পরবর্তী বাস্তবতা, শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি রক্ষায় করণীয় নির্ধারণে এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি.) উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে এ সংলাপের আয়োজন করে 'সুশাসনের জন্য নাগরিক' (সুজন) এবং 'পিস ফ্যাসিলিটেটর গ্রুপ' (PFG)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান সন্ন্যামত। বিশেষ অতিথি ছিলেন 'দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ'-এর বরিশাল বিভাগীয় সমন্বয়কারী মেহের আফরোজ মিতা।
উপজেলা সুজন কমিটির সভাপতি প্রধান শিক্ষক সেলিম রেজার সভাপতিত্বে সংলাপটি সঞ্চালনা করেন সুজনের সম্পাদক, পিস অ্যাম্বাসেডর ও বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহমেদ মুন্না।
সংলাপে বক্তারা নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, গুজব প্রতিরোধ, তরুণদের ইতিবাচক সম্পৃক্ততা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকদের আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ সংলাপে অংশ নেন। অংশগ্রহণকারীরা একটি গঠনমূলক ও প্রাণবন্ত আলোচনায় নিজ নিজ মতামত তুলে ধরেন।
পরিশেষে আয়োজকরা উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।