নিজস্ব প্রতিবেদক,
দেশের বাজারে সোনার দাম কমানোর পর আজ রোববার (৮ মার্চ) সেই দামই বহাল রয়েছে। সবশেষ গত বুধবার সোনার দাম সমন্বয় করে প্রতি ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকায় বেচাকেনা হচ্ছে।
বাজুস এক বিবৃতিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এদিকে সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৫৩২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪ টাকায়।
জুয়েলারি ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় বাজারে কাঁচামালের দামের ওঠানামার প্রভাবেই সোনা ও রুপার দাম সমন্বয় করা হয়ে থাকে।