কলাপাড়ায় ব্যাংক আউটলেটে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: ম্যানেজার গ্রেপ্তার
মোঃ হাসিবুল ইসলাম
মহিপুর/কুয়াকাটা প্রতিনিধি।
পটুয়াখালীর কলাপাড়ায় আল-আরাফা ইসলামী ব্যাংকের পাখিমারা বাজার আউটলেট শাখার গ্রাহকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় শাখা ব্যবস্থাপক মো. রাহাত ইসলামকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) পিরোজপুরের ভান্ডারিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাহাত ইসলাম কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব দৌলতপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। তিনি নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে অবস্থিত আল-আরাফা ইসলামী ব্যাংকের আউটলেট শাখায় ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পাখিমারা বাজারের ওই ব্যাংক আউটলেটের গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রাহাত ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে একই শাখার ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফের বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযোগ প্রকাশের পর তিনি আত্মগোপনে চলে যান।
এ ঘটনায় ভুক্তভোগী গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আমানতের টাকা ফেরতের দাবিতে তারা ব্যাংক ঘেরাও, বিক্ষোভ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। পরে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়।
কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ফোরকান মিয়া বলেন, পাখিমারা বাজারের আল-আরাফা ইসলামী ব্যাংকের আউটলেট শাখার গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রাহাত ইসলামকে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।