নৌযানের ডাটাবেজ তৈরি ও নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের শুমারি পরিদর্শন।
মোঃ হাসিবুল ইসলাম
মহিপুর/কুয়াকাটা প্রতিনিধিদল।
পটুয়াখালীর মহিপুরে নৌযানের ডাটাবেজ তৈরি ও নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ‘নৌযান শুমারি ২০২৬’ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ রাজিব আহসান, এমপি।
নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মোঃ শফিউল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাজাহান পারভেজসহ মহিপুর থানার অধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
পরিদর্শন ও মতবিনিময় কার্যক্রমের একপর্যায়ে প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান স্থানীয় ট্রলার মালিক ও জেলেদের সাথে অত্যন্ত আন্তরিক পরিবেশে দুপুরের খাবার গ্রহণ করেন।
পরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জেলেদের দাবির প্রেক্ষিতে শিববাড়িয়া নদীর মোহনায় একটি স্থায়ী লাইটার নির্মাণ এবং নদীর নব্যতা বৃদ্ধির কার্যক্রম খুব শীঘ্রই শুরু করা হবে বলে গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। এছাড়া তিনি শুমারির কাজে নিয়োজিত সকল প্রতিনিধিকে সঠিকভাবে দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।