বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
চোখের সামনেই মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল একটি জীবন। আমড়া পারতে গাছে উঠেছিলেন স্বামী, আর নিচে দাঁড়িয়ে কুড়িয়ে নিচ্ছিলেন স্ত্রী। কিন্তু এক নিমেষেই সব আনন্দ ও ব্যস্ততা বিষাদে রূপ নিল। গাছ থেকে নিচে পড়ে স্ত্রীর চোখের সামনেই মর্মান্তিক মৃত্যুবরণ করলেন স্বামী।
ঘটনাটি ঘটেছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে। নিহত যুবকের নাম তৈয়ব আলী (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, দৈনন্দিন কাজের অংশ হিসেবে তৈয়ব আলী বাড়ির পাশে একটি আমড়া গাছে ওঠেন। নিচে অবস্থান করছিলেন তাঁর স্ত্রী। আকস্মিকভাবে হাত বা পা পিছলে তিনি গাছ থেকে সশব্দে মাটিতে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর করুণ মৃত্যু হয়।
চোখের সামনে প্রিয় মানুষের এমন অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক বিদায় মেনে নিতে পারছেন না স্ত্রী। তাঁর হৃদয়বিদারক আহাজারি ও বিলাপে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মুহূর্তের মধ্যেই একটি পরিবারে তৈরি হলো এক অপূরণীয় শূন্যতা।
স্থানীয় বাসিন্দারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং নিহতের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের সদস্যদের এই কঠিন শোক সহ্য করার তাওফিক দেওয়ার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন।