বরিশাল নগরীর বটতলা এলাকায় গোপন বৈঠক চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে তারা ওই বৈঠকে বসেছিলেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিবি) পলাশ কান্তি নাথ।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ ও কোতোয়ালি মডেল থানা পুলিশ নগরীর বটতলা এলাকায় অভিযান চালায়। এ সময় হালিমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়সংলগ্ন একটি ভবনে গোপন বৈঠক চলাকালে ১২ জনকে আটক করা হয়।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।