পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি:
বরিশালে লুৎফর রহমান আলিম (ক্যাডেট) মাদরাসার উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান প্রকল্প-২০২৬ শুরু হয়েছে।
২৮শে সেপ্টেম্বর সোমবার থেকে শুরু হয়েছে প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মাদরাসার আবাসিক ভবনের ২য় তলায় ২১৩ নম্বর কক্ষে এ চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে যা চলমান থাকবে আগামী ১০দিন।
প্রকল্পের আওতায় প্লে শ্রেণি থেকে ধারাবাহিকভাবে ১০ম শ্রেণি পর্যন্ত বালক-বালিকা, হিফজ, নাজেরা ও নূরানী বিভাগের সকল শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে।
চিকিৎসাসেবা প্রদান করছেন ইসলামী ব্যাংক হাসপাতাল, চাঁদমারী,বরিশাল এর শিশু বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক ডা. মাহমুদ হাসান খান।
মাদরাসার অধ্যক্ষ আবুল কাসেম মুহাম্মদ আবদুল হাকীম মাদানী জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের সুস্থতা ও পড়াশোনায় মনোযোগ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীকে এ সেবার আওতায় আনা হবে বলে জানান তিনি।
লুৎফর রহমান সড়ক, নথুল্লাবাদ,বরিশাল-এ অবস্থিত মাদরাসাটির এমন উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে।ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান তারা।