পারভেজ মাহমুদ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল জয়ন্তী-২০২৬ উপলক্ষে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আখতারুজ্জামান খান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান
বিভাগের বিভাগীয় প্রধান শাম্মি আক্তার।
এসময় উপাধ্যক্ষ মোসাম্মত মেহবুবা আলম, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মাইনুল ইসলাম সগির, নজরুল বর্ষ উদযাপনের কমিটির আহবায়ক প্রফেসর মাইনুল হোসেন খান উপস্থিত ছিলেন।আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মাহাবুব আলম, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান শাহনাজ পারভীন।
উক্ত অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুলের সাহিত্য তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শিক্ষা দেয়।
সেমিনারের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে নজরুল বর্ষ উপলক্ষে ১০টি প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।