জিসান রনি
তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি
ভোলার তজুমদ্দিন উপজেলার উত্তর শিবপুর খাশের হাট বাজারের দেওয়ান বাড়ির দরজা থেকে মাদ্রাসা বাজার পর্যন্ত সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থার সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি, প্রতিদিন এ সড়ক দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করেন। পাশাপাশি শত শত ছোট-বড় যানবাহনও যাতায়াত করে। গুরুত্বপূর্ণ এই সড়কটি এলাকার মানুষের দৈনন্দিন চলাচলের অন্যতম মাধ্যম হওয়ায় সড়কের দুরবস্থার কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
স্থানীয়রা জানান, প্রতিবছরই সড়কটির উন্নয়ন বা সংস্কার কাজ হওয়ার কথা শোনা গেলেও বাস্তবে দীর্ঘদিনেও কাঙ্ক্ষিত কাজ হয়নি। ফলে দিন দিন সড়কের অবস্থা আরও খারাপ হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়।
এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।