জিসান রনি
তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি।
ভোলার তজুমদ্দিনে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে ২৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি নৌকা ও এক হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের উত্তরাংশে সোনাপুর স্লুইসগেট-সংলগ্ন মেঘনা নদী থেকে ওই তিন জেলেকে আটক করা হয়। পরে সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ২৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন—মো. কবির, মো. সোলাইমান ও মো. শাহীন। তাঁরা উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তজুমদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তড়িৎ চন্দ্র শীল।
তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে মেঘনা নদীতে টহল কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে তিন জেলেকে আটক করা হয়। অভিযানে এক হাজার মিটার জাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নৌকাটির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আটক তিন জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ২৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।