বরিশালের চারটি সরকারি কলেজে উচ্চশিক্ষা নিতে আসা শিক্ষার্থীদের বড় অংশের জন্য আবাসনের ব্যবস্থা নেই। প্রায় ৬৩ হাজার শিক্ষার্থীর বিপরীতে কলেজগুলোর আবাসিক আসন মাত্র ১ হাজার ৮০০টি। ফলে ৯৭ শতাংশের বেশি শিক্ষার্থীকে আবাসিক সুবিধার বাইরে থেকে পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে।
কেউ থাকছেন নগরীর বিভিন্ন মেস কিংবা ভাড়া বাসায়, আবার আর্থিক অসচ্ছলতা ও আবাসনসংকটের কারণে অনেকে নিয়মিত ক্লাসে অংশ নিতে পারছেন না। এর প্রভাব পড়ছে শ্রেণিকক্ষে উপস্থিতি ও শিক্ষা কার্যক্রমে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসনের অভাব হয়ে উঠেছে বড় বাধা