বরিশাল প্রতিনিধি:
মৃধা আজাদ বরিশাল.সমগ্র দেশের ন্যায় বরিশাল সদর উপজেলাতেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব ২০২৬। গত ১৬ অক্টোবর (শুক্রবার) মহা ষষ্ঠী পূজার মধ্য দিয়ে উৎসবের পর্দা ওঠে। আজ শনিবার মহা সপ্তমীর দিনে উপজেলার বিভিন্ন মণ্ডপে চলেছে দেবী আরাধনা ও দর্শনার্থীদের মিলনমেলা।
উৎসবের দ্বিতীয় দিনে বরিশাল সদর উপজেলার সার্বিক নিরাপত্তা ও পূজা উদযাপন পরিস্থিতি খতিয়ে দেখতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল সদরের সহকারী কমিশনার (ভূমি) (এসি ল্যান্ড)।
পরিদর্শনকালে তাঁর সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শন দল মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে সহকারী কমিশনার (ভূমি) জানান, প্রতিটি মণ্ডপেই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। উপজেলার সকল পূজা মণ্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরও আশ্বাস দিয়ে বলেন, "বরিশাল সদর উপজেলার সনাতন ধর্মাবলম্বী নাগরিকরা যাতে কোনো প্রকার বিঘ্ন ছাড়া শতভাগ নিরাপদে উৎসব উদযাপন করতে পারেন, সেজন্য প্রশাসন সার্বক্ষণিক তাদের পাশে রয়েছে। পূজা চলাকালীন এই তদারকি ও মণ্ডপ পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে।"
মণ্ডপ পরিদর্শন শেষে তিনি বরিশাল সদরের সর্বস্তরের জনগণকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও প্রীতি জানান।
এদিকে, প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও আগত দর্শনার্থীরা।