লাস্টনিউজবিডি, ২২ অক্টোবর: মন্ত্রীর আশ্বাস সত্ত্বেও বরিশাল-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট কমানোর সিদ্ধান্ত পরিবর্তন হয়নি। ফলে সপ্তাহের বৃহস্পতিবারের ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকায় যাত্রীদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল-ঢাকা রুটে ফ্লাইট চালু রাখার বিষয়ে গত সপ্তাহে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। এ ছাড়া বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের উভয়কেই এ রুটে ফ্লাইট কমানো হবে না বলে আশ্বাস দেন মন্ত্রী।
তবে মঙ্গলবার বিকাল পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ফ্লাইট পুনর্বহালের কোনো নির্দেশনা জারি করেনি। ফলে ২২ অক্টোবরের পর থেকে বৃহস্পতিবারের ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রয়েছে। আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবারের ফ্লাইটের টিকিটও বরিশাল সেলস অফিস কিংবা অনলাইন পোর্টালে বিক্রি করা হচ্ছে না।
গত সোমবার জহির উদ্দিন স্বপন বিমানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তবে ফ্লাইট কমানোর বিষয়ে সিইও কোনো মন্তব্য করেননি বলে জানা গেছে।
এদিকে শীতকালীন সময়সূচিতে বরিশাল রুটে ফ্লাইট কমানোর উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ পরিষদ। সংগঠনটি অবিলম্বে সপ্তাহে সাত দিন নিয়মিত ফ্লাইট চালুর দাবি জানিয়েছে।
পাশাপাশি যশোর-বরিশাল-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-বরিশাল-যশোর রুটে সপ্তাহে অন্তত দুই দিন ফ্লাইট চালুরও দাবি জানিয়েছে পরিষদ।
এ দাবিতে বুধবার পরিষদের নেতারা বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমদের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেন।