বিদ্যুতের বড় ধরনের গ্রিড বিপর্যয় ঘটেছে মঙ্গলবার। এদিন দুপুরে গ্রিডে যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল এলাকা বিদ্যুৎহীন থাকে প্রায় দুই ঘণ্টা। এর ফলে দেশের বৃহৎ প্রায় ১০টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়। দুপুর ১২টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। এ সময় বিদ্যুৎ সরবরাহ কমে যায় ৫ হাজার মেগাওয়াটের বেশি। দুপুর ২টার পর গ্রিড পুনরায় চালু হলেও রাত ৮টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত দেশের বিভিন্ন জায়গার বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি চালু করা যায়নি। যার কারণে গভীর রাত পর্যন্ত সারা দেশে তিন হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং ছিল। তবে কী কারণে এই বড় বিপর্যয় ঘটেছে তার কোনো কারণ এখনো খুঁজে পায়নি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ-পিজিসিবি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি ও বিদ্যুৎ বিভাগ। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আরেকটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী। বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ যুগান্তরকে বলেন, সরকার বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে। বিষয়টি নিয়ে বিদ্যুৎ বিভাগকে তদন্ত করতে বলা হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত কেন এই বিপর্যয় ঘটেছে তা বলা যাচ্ছে না।