এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবি আদায়ের আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীকে হয়রানি বন্ধের দাবিতে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম, ভোলা সদর উপজেলা শাখা।
সমাবেশে বক্তারা বলেন, আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ঘোষিত অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীকে হয়রানি করা হচ্ছে। তারা তাঁর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহারের দাবি জানান।
এ সময় বক্তারা আরও বলেন, শিক্ষকদের তিন দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন এক দফা দাবিতে পরিণত হবে। শিক্ষকদের ন্যায্য দাবির পক্ষে প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করার যেকোনো অপচেষ্টা বন্ধ করতে হবে।
এ সময় এমপিওভুক্ত শিক্ষকদের যৌক্তিক ও ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের ভোলা সদর উপজেলার শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।