পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি:
অবিভক্ত বাংলার সাবেক প্রধানমন্ত্রী, বাংলার গণমানুষের নেতা ও উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ শের-ই-বাংলা আবুল কাশেম ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে স্মরণসভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বরিশাল বিভাগীয় জাদুঘরের সেমিনার হলে এ স্মরণসভার আয়োজন করা হয়।
ব্রজমোহন বই-বন্ধু সংগঠনের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করে বরিশাল বিভাগীয় জাদুঘর। আয়োজনে আরও যুক্ত ছিল বাংলার বাঘ ফাউন্ডেশন, চিন্তা পরিসর এবং বরিশালের ঐতিহ্য ও ভাষা সংরক্ষণ কমিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।
শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, শিক্ষা বিস্তারে অবদান, কৃষক-প্রজার অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা এবং বাংলার মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে স্মরণ করতে এ আয়োজন করা হয়।
আয়োজকরা বলেন, বাংলার ইতিহাসে শের-ই-বাংলা এ. কে. ফজলুল হক এক অবিস্মরণীয় নাম। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, জনসম্পৃক্ততা, শিক্ষা ও সমাজ সংস্কারে অবদান এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনুপ্রেরণা জোগাবে।
তাঁরা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে ইতিহাস, ঐতিহ্য ও মনীষীদের জীবনদর্শন তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বইপাঠ, আলোচনা ও ইতিহাসচর্চার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে মনীষীদের জীবন ও কর্ম সম্পর্কে আগ্রহ সৃষ্টি করাই ব্রজমোহন বই-বন্ধু সংগঠনের অন্যতম প্রত্যাশা।
উক্ত অনুষ্ঠানে গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। ইতিহাস, ঐতিহ্য ও মনীষীদের জীবনদর্শন চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
ব্রজমোহন বই-বন্ধু সংগঠনের স্লোগান—‘বইয়ের আজন্ম খিদে ছড়িয়ে পড়ুক মানুষের জগতে!’