বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বিনিয়োগ বাড়াতে জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোর মূল কোম্পানি ফাস্ট রিটেইলিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে কৃত্রিম তন্তু, টেকনিক্যাল টেক্সটাইল এবং টেকসই পোশাক উৎপাদন খাতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। টোকিওতে প্রতিষ্ঠানটির সদর দপ্তরে এ বৈঠক হয় বলে প্রধানমন্ত্রীর সফরসূচিতে উল্লেখ করা হয়েছিল।
বৈঠকে বাংলাদেশের প্রতি ইউনিক্লোর আস্থা এবং ফাস্ট রিটেইলিংয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পৃক্ততার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারণ এবং তৈরি পোশাক খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বিনিয়োগের নতুন সুযোগ রয়েছে। বিশেষ করে উচ্চমূল্য সংযোজিত পোশাক, কৃত্রিম তন্তুভিত্তিক পণ্য এবং প্রযুক্তিনির্ভর টেক্সটাইল উৎপাদনে বিনিয়োগ বাড়ালে দুই পক্ষই লাভবান হতে পারে।
এ সময় প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, পণ্যে উদ্ভাবন, আধুনিক উৎপাদনব্যবস্থা এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ায় সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানান তারেক রহমান।
বিনিয়োগের পরিবেশ উন্নয়নের অংশ হিসেবে জমির ব্যবস্থা, বিনিয়োগের অনুমোদন এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে সরকারের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
বৈঠকে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ। এ চুক্তি দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদারে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জাপানি প্রতিনিধিদলে আরও ছিলেন ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের পরিচালক তাকেশি ওকাজাকি এবং প্রতিষ্ঠানটির গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই।
বাংলাদেশে জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং রপ্তানিমুখী শিল্পের বহুমুখীকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে তৈরি পোশাক খাতে প্রযুক্তি, দক্ষতা ও পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থার উন্নয়ন বাংলাদেশের শিল্প খাতের ভবিষ্যৎ সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি করতে পারে।