নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে ‘ভোটারবিহীন’ নির্বাচনে স্বঘোষিত চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লার অপসারণ ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে সরিকল ইউনিয়নের সুরেন সিকদার বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ইউপি কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সভায় রূপ নেয়। প্রতিবাদী সচেতন জনতার ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা ফারুক মোল্লাকে ‘অবৈধ ও জনবিচ্ছিন্ন’ চেয়ারম্যান আখ্যা দিয়ে বলেন, তিনি ক্ষমতায় এসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও দমন-পীড়নে লিপ্ত হয়েছেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য মনজুর হোসেন মিলন বলেন, “সরকারি ছত্রছায়ায় ভোটাধিকার হরণ করে একজন নিপীড়ক জনপ্রতিনিধি হিসেবে ফারুক মোল্লা দায়িত্ব পালন করছেন। প্রশাসন অবিলম্বে তাকে অপসারণ ও গ্রেফতার না করলে জনগণই রাস্তায় নামবে।”
সরিকল ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আকতার হোসেন হাওলাদারের সভাপতিত্বে এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম, রিপন হাওলাদার, শাহ আলম হাওলাদার, যুবদল নেতা মিরন হোসেন, সাবেক ছাত্রদল নেতা মশিউর রহমান লিটনসহ অন্যরা।