নিজস্ব প্রতিবেদন,
যশোর—খুলনা মহাসড়কের আলীপুর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবুল কালাম খাঁ (৫৫) নামে এক তরকারি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম খাঁ যশোরের চেঙ্গুটিয়া চাঁপাতলা এলাকার বাসিন্দা আনসার আলী খাঁর পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আবুল কালাম সাইকেলে করে বাজারে তরকারি বিক্রির উদ্দেশ্যে রওনা হন। পথে আলীপুর নামক স্থানে পৌঁছালে একটি বেপরোয়া ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
নওয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মারুফ বলেন,“সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
স্থানীয়দের দাবি, মহাসড়কটিতে অতিরিক্ত গতিতে ট্রাক চলাচল ও ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত ওই এলাকায় গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা ও ট্রাফিক তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন।