নিজস্ব প্রতিবেদন,
বরিশাল মহানগর দায়রা জজ আদালত এসিড অপরাধ দমন আইনের এক মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দিয়েছেন। এটি বরিশাল মহানগর দায়রা জজ আদালতের ট্রায়াল মোকদ্দমার প্রথম রায়।বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না।
শনিবার (২৬ অক্টোবর ২০২৫) বরিশাল মহানগর দায়রা জজ মীর মো. এমতাজুল হক এ রায় ঘোষণা করেন।আসামী দুই জন উপস্থিতে আদালত এই রায় ঘোষণা করেন।
মামলার নথি সূত্রে জানা যায়, বাদী উত্তম হালদার ২০২৪ সালের ১১ মার্চ বরিশাল এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন—আসামি শিশির ঘরামী ও প্রদীপ ঘরামী তার পুত্র উৎপল হালদারের ওপর এসিড নিক্ষেপ করে গুরুতরভাবে আহত করেন।
ঘটনার পর পুলিশ তদন্ত শেষে একই বছরের ২ আগস্ট এসিড অপরাধ দমন আইনের ৫(ক), ৫(খ) ও ৭ ধারায় অভিযোগপত্র দাখিল করে।
রাষ্ট্রপক্ষ থেকে মামলায় মোট ১৫ জন সাক্ষী উপস্থাপন করা হয়। সব সাক্ষ্য—প্রমাণ শেষে আদালত আজ উভয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন বরিশাল মেট্রোপলিটন দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না।