প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৫, ২০২৬, ৩:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৫, ৪:২৫ অপরাহ্ণ
দাতা না হয়েও ধামুরা কলেজের দাতা সদস্য

নিজস্ব প্রতিবেদন,
অবৈধ প্রভাব খাটিয়ে বরিশাল জেলার উজিরপুর উপজেলার ধামুরা ডিগ্রি কলেজের গভর্নিং বডির দাতা সদস্য পদটি দখল করেছেন স্থানীয় আসাদুল হক মামুন নামের এক ব্যক্তি। অনুসন্ধানে জানা যায়, উক্ত মামুনের পিতা মরহুম বজলুল হক মিয়া বাংলা ১৩৯৪ (১৯৮৭ খ্রিস্টাব্দ) সালে ধামুরা মৌজার এস.এ. ৫৫৯ নম্বর খতিয়ানের ৩৯৩৭ ও ৩৯৫১ নম্বর দাগের ছাব্বিশ শতাংশ জমি দশ হাজার টাকা মূল্যে সাফকাবালা দলিলের মাধ্যমে কলেজ কর্তৃপক্ষের কাছে বিক্রয় করেন। যদিও তার ওয়ারিশরা আজ পর্যন্ত বিক্রয়কৃত জমিটি রেজিস্ট্রি করে না দেওয়ায়, কাগজে-কলমে সেই জায়গাটি এখনো ধামুরা কলেজের মালিকানায় অন্তর্ভুক্ত হয়নি। পুরো বিষয়টি গোপন রেখে আসাদুল হক মামুন ক্ষমতার দম্ভ দেখিয়ে নিজেকে গভর্নিং বডির দাতা সদস্য মনোনীত করতে কলেজ কর্তৃপক্ষকে বাধ্য করেন। এই ভুয়া দাতা সদস্যের পদ বাতিলের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবরে আবেদন করেছেন কলেজের অন্যতম দাতার সন্তান স্থানীয় কাজী আব্দুল জলিল। এ ছাড়া, কলেজ অধ্যক্ষের কাছে উকিল নোটিশ পাঠিয়েছেন আবুল হোসেন নামের আরেকজন স্থানীয় শিক্ষানুরাগী। এ বিষয়ে জানতে অভিযুক্ত আসাদুল হক মামুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসাইন বলেন, “বিষয়টি আমি জেনেছি, তবে আমরা নিজেরা মিটমাট করার চেষ্টা করছি।”
প্রকাশক ও সম্পাদকঃ খান আরিফ
© Copyright, All Rights Reserved, DailyBarishalerChokh