বরিশাল প্রতিনিধি:পারভেজ,
বরিশালে অপসো স্যালাইনের শ্রমিকদের পাল্টাপাল্টি অবস্থান ও সড়ক অবরোধে শহরজুড়ে সৃষ্টি হয়েছে চরম জনদুর্ভোগ।
অপসো স্যালাইন (ওএসএল) ফার্মা লিমিটেডের শ্রমিক-কর্মচারীদের দুই পক্ষের অবস্থানকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।
চাকরিচ্যুত শ্রমিকদের একটি পক্ষ দীর্ঘ ১৯ দিন ধরে চাকরি পুনর্বহালের দাবিতে অপসোনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে আসছে।
অপরদিকে, যারা বর্তমানে কোম্পানিতে কর্মরত আছেন তারা কাজে যোগ দিতে অবস্থান নিলে সকাল থেকে দুপুর পর্যন্ত দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় চাকরিচ্যুত শ্রমিকরা ঝাড়ু মিছিলও করেন।
১৯ নভেম্বর বুধবার সকাল ১১টা থেকে নগরীর বগুড়া রোডে সড়ক অবরোধ করে অপসোনিন ফার্মাসিউটিক্যাল কোম্পানির আইভি ফ্লুইড বিভাগের শ্রমিকরা।
এদিকে সংবাদ সম্মেলনে মালিকপক্ষ জানায়, শ্রম আইন মেনে অপসো স্যালাইনের স্টোরিপ্যাক বিভাগের ৪৪৭ জন শ্রমিককে অবসান দেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রায় ৫০ শতাংশ শ্রমিক পাওনা বুঝে নিয়েছেন। কিন্তু কিছু শ্রমিক ও বহিরাগতরা অন্য বিভাগের শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন, যার ফলে কোম্পানির উৎপাদন বন্ধ রয়েছে। ডেঙ্গুর বিস্তার বেড়ে যাওয়ায় স্যালাইন উৎপাদন বন্ধ থাকলে সামনে সংকট দেখা দিতে পারে।
কাজে যোগ দিতে আসা আইভি ফ্লুইড বিভাগের শ্রমিকরা জানান, সকালে তারা কোম্পানিতে ঢুকতে গেলে বাধার মুখে পড়েন। যাদের চাকরি রয়েছে তারা যেন নির্বিঘ্নে কাজ করতে পারেন—এ দাবি জানান তারা।
অন্যদিকে চাকরিচ্যুত শ্রমিকরা বলেন, চাকরি পুনর্বহাল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
এদিকে শ্রমিকদের সড়ক অবরোধের কারণে পুরো বগুড়া রোডে যান চলাচল বন্ধ হয়ে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।