নিজস্ব প্রতিবেদন,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের দশ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় তার মা কুলসুম বেগম (৩৫) ও প্রতিবেশী জেসমিন বেগম (৩০) আহত হয়েছেন। তথ্যটি নিশ্চিত করে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান জানান, ফাতেমা স্থানীয় আব্দুল হকের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ভূমিকম্প টের পেয়ে কুলসুম বেগম নবজাতককে কোলে নিয়ে প্রতিবেশী জেসমিনের সাথে পাশেই নিজের মায়ের বাসার দিকে যাচ্ছিলেন৷ এসময় পাশের একটি দেয়াল ভেঙে তাদের ওপর পড়ে। ঘটনাস্থলেই নবজাতকের মৃত্যু হয়। পরে স্থানীয়রা দেয়ালের নিচ থেকে মরদেহ উদ্ধার করেন এবং আহত দুজনকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।’
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ‘নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে৷ আহতেরা চিকিৎসাধীন৷ এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান।’