নিজস্ব প্রতিবেদন,
কিশোরগঞ্জ—৪ আসনে জামায়াত ইসলাম নির্বাচনে জিতলে এবং জামায়াত সরকার গঠন করলে ‘বিষ খাবেন’ বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।
গতকাল শুক্রবার (২১ নভেম্বর) রাতে ইটনা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষে হাত তুলেন দেখি….., রাজাকারের পক্ষে হাত তুলেন দেখি……, একটা হাতও রাজাকারের পক্ষে ওঠে না। এরপরেও এরা নির্বাচন করে সরকার গঠন করবে! ইটনা—মিঠামইন—অষ্টগ্রামে এরা পাস কইরা ফেলবো…. আমি বিষ খাইয়্যাম।’
ফজলুর রহমান আরও বলেন, ‘এরা যে বেঁচে আছে এটাই শেখ মুজিবুর রহমানের দয়া, জিয়াউর রহমানের দয়া, খালেদা জিয়ার দয়া। ২০০১ সালে খালেদা জিয়ার পায়ে ধরছে ‘ম্যাডাম আমাদের বাঁচান’। তখন বাঁচাইছিল। এখন সাপ ফণা তুলছে। বিএনপিরে বলে চাঁদাবাজ, ধান্দাবাজ, চোর—বাটপার; এগুলো জামায়াত ছাড়া আর কেউ বলে না। এরা মুনাফেক; এরা বেইমান; এরা অকৃতজ্ঞ।’
নিজেকে আদর্শিক যুদ্ধের প্রার্থী দাবি করে ফজলুর রহমান বলেন, তিনি শুধু মুক্তিযুদ্ধ, বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষের সমর্থকদের কাছেই ভোট চান। ভোটারের ধর্ম তার কাছে বিবেচ্য নয়—হিন্দু, মুসলিম, বৌদ্ধ, ক্রিস্টান—যে ভোটার, তার কাছেই তিনি ভোট চান। দেশের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়েই স্বাধীনতা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন ফজলুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর স্বপনসহ স্থানীয় নেতাকর্মীরা।