
র্যালি, বেলুন-ফেস্টুন উড্ডয়ন ও আলোচনা সভা; শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান বিভাগীয় কমিশনারের।
বরিশাল প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশালে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে র্যালি, বেলুন-ফেস্টুন উড্ডয়ন ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (১ নভেম্বর) জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, বরিশালের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিকতা পালন করা হয়। র্যালিতে প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, যুব সংগঠনের প্রতিনিধি, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার, বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ এবং বরিশালের পুলিশ সুপার এ.জেড.এম. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার উৎস। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে তরুণদের দক্ষ, যোগ্য ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। নিজেদের ভবিষ্যৎ গড়তে এবং দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হলে তরুণদের নিয়মিত পড়াশোনা, জ্ঞান অর্জন ও দক্ষতা উন্নয়নে মনোযোগী হতে হবে। পাশাপাশি প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার বলেন, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রেখে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে উৎসাহিত করা প্রয়োজন। একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের মেধা, সৃজনশীলতা ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। এ জন্য আত্মকর্মসংস্থান, কারিগরি প্রশিক্ষণ ও উদ্যোক্তা উন্নয়নে যুবকদের আরও উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বিশাল যুব জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করা সম্ভব হলে জাতীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। বেকারত্ব দূরীকরণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ উদ্যোক্তা তৈরিতে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করতে হবে। তরুণদের উদ্ভাবনী চিন্তা, মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওবায়দুল হক চান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি, উদ্যোক্তা, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, জেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।