• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় মহিষের আক্রমণে কৃষকের মৃত্যু

Khan Arif
প্রকাশিত জুলাই ১, ২০২৬, ১৮:২৬ অপরাহ্ণ
  • কলাপাড়ায় মহিষের আক্রমণে কৃষকের মৃত্যু
  • মোঃ হাসিবুল ইসলাম
    মহিপুর/কুয়াকাটা প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় নিজ গোয়ালে পালিত একটি মহিষের আক্রমণে তোফাজ্জেল মোল্লা (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামুরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোফাজ্জেল মোল্লা ওই গ্রামের শাহজাহান মোল্লার ছেলে।

নিহতের ছোট ভাইয়ের স্ত্রী রুমা বেগম জানান, তাদের গোয়ালে আটটি মহিষ রয়েছে। এর মধ্যে একটি বড় বলদ মহিষও রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তোফাজ্জেল মোল্লা বিল থেকে মহিষের পাল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মহিষটি হঠাৎ তাকে আক্রমণ করে। এ সময় আশপাশে কেউ না থাকায় তাকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়নি। মহিষের শিংয়ের আঘাতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর ফকির বলেন, “নিজের পালিত মহিষের আক্রমণেই তোফাজ্জেল মোল্লার মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে মহিষের শিংয়ের আঘাতের গভীর ক্ষতচিহ্ন রয়েছে।”

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “নিজের পালিত মহিষের আক্রমণে কৃষক তোফাজ্জেল মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।”

সংবাদটি শেয়ার করুন....