
বরিশাল প্রতিনিধি:
বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা সড়ক এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মো. রাসেল হাওলাদার (৩৮) নামে এক ফার্নিচার ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে সাইদুল শিকদার ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী।
আহত মো. রাসেল হাওলাদার ২৪ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা সড়ক এলাকার বাসিন্দা এবং ‘অতিথি ফার্নিচার’-এর প্রোপাইটর।
ভুক্তভোগীর অভিযোগ,
বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১টা ৪০ মিনিটের দিকে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন। এ সময় সাইদুল ইসলাম শিকদার ও তার সহযোগীরা পূর্ব শত্রুতার জের ধরে তার পথরোধ করে অতর্কিত হামলা চালায়। হামলার একপর্যায়ে তার কাছে থাকা আনুমানিক ১২ হাজার টাকা মূল্যের একটি রুপার চেইন, একটি হাতঘড়ি এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
একপর্যায়ে রাসেলের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এলে তাদের ওপরও হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. রাসেল হাওলাদার বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
এদিকে, স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, সাইদুল শিকদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তিকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগও রয়েছে বলে দাবি করেন তারা। এমনকি নিজে মাদক রেখে পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিয়ে নিরীহ ব্যক্তিদের ফাঁসানোর অভিযোগও রয়েছে বলে স্থানীয়রা জানান।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাইদুল শিকদারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। হামলা, ছিনিয়ে নেওয়া এবং মাদকসংক্রান্ত অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এলাকাবাসীর দাবি, হামলার ঘটনা ও মাদকসংক্রান্ত অভিযোগগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে এলাকায় মাদক ব্যবসা ও মাদক কারবার বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।