তথ্যগত অসঙ্গতিতে কিশোরগঞ্জ-৬ আসনে চার প্রার্থীর মনোনয়ন বাতিল

Khan Arif
প্রকাশিত January 3, 2026, 20:52 PM
তথ্যগত অসঙ্গতিতে কিশোরগঞ্জ-৬ আসনে চার প্রার্থীর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) সংসদীয় আসনে ১২ জন প্রার্থীর মধ্যে এনসিপিসহ ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। অপরদিকে বিএনপিসহ ৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তথ্যের গরমিল ও বিভিন্ন অসঙ্গতির কারণে কিশোরগঞ্জ-৬ আসনে—

  • জাতীয় পার্টি মনোনীত মোহাম্মদ আয়ূব হোসেন (লাঙ্গল) — বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বিবরণীতে তথ্য না দেওয়ায়

  • বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত ডা. মোহাম্মদ হাবিব মিয়া (কাস্তে) — সম্ভাব্য আয়, সম্পদ ও দায় সংক্রান্ত তথ্য অসম্পূর্ণ থাকায়

  • ন্যাশনাল পিপলস পার্টি (এনসিপি) মনোনীত মো. নজরুল ইসলাম (শাপলা কলি) — সম্পদ ও দায় সংক্রান্ত তথ্য পূরণ না করায়

  • স্বতন্ত্র প্রার্থী ও ন্যাশনাল পিপলস পার্টি (এনসিপি)-এর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শরিফুল হক জয় — ১ শতাংশ সমর্থক ভোটারের তথ্য সঠিক না থাকায়

তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

যাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে:

  • বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শরীফুল আলম — কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোহাম্মদ মুসা খান (হাতপাখা) — ভৈরব উপজেলা সভাপতি

  • বৃহত্তর সুন্নী জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মো. রুবেল হোসেন (মোমবাতি) — জেলা সাধারণ সম্পাদক

  • বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত আতাউল্লাহ আমীন (রিকশা) — যুগ্ম মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব

  • খেলাফত মজলিস মনোনীত সাইফুল ইসলাম (দেয়াল ঘড়ি) — ভৈরব উপজেলা সভাপতি

  • ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত নাঈমুল হাসান (আপেল)

  • গণফোরাম মনোনীত শাফি উদ্দিন আহম্মদ (উদীয়মান সূর্য)

উল্লেখ্য, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা তাদের প্রার্থিতা বাতিলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জানান, তারা আপিলসহ আইনগত প্রতিকার চেয়ে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা জানান, প্রথম ধাপে শনিবার তিনটি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ-৬ আসনে তথ্যগত অসঙ্গতির কারণে ১২ জনের মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল ও ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

কুলিয়ারচর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, এ আসনে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৬৬১ জন। এর মধ্যে নারী ভোটার ৮৩ হাজার ৮৯০ জন, পুরুষ ভোটার ৮৬ হাজার ৭৬৯ জন এবং হিজড়া ভোটার ২ জন। মোট ভোটকেন্দ্র ৫৬টি

সংবাদটি শেয়ার করুন....