সীতাকুণ্ডে বাসচাপায় বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ।

Khan Arif
প্রকাশিত November 4, 2026, 11:36 AM
সীতাকুণ্ডে বাসচাপায় বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ।

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) সামনে বাস ও লরির সংঘর্ষে মাইশা মুসফিরাত (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী। সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে ছয় দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় পাঁচ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকাল ৯টার দিকে সীতাকুণ্ড উপজেলার কুমিরায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ডালাস পেট্রোল পাম্পের পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইশা মুসফিরাত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ৮ নম্বর রুটের একটি লোকাল বাসকে একটি লরি সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে গিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর পড়ে। এ সময় কয়েকজন শিক্ষার্থী হতাহত হন।

পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইশা মুসফিরাতের মৃত্যু হয়। আহত অপর দুই শিক্ষার্থীও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁরা ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিয়া। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের ছয় দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দেন। পরে প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস পেয়ে প্রায় পাঁচ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

এ সময় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও জ্যেষ্ঠ শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের পাশে বিভিন্ন গাড়ির ডিপো থাকায় অনেক যানবাহন রাস্তার ওপর রাখা হয়। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। তাঁরা মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ এবং পথচারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন....