
নিজস্ব প্রতিবেদক,
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সভায় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রশিক্ষণ দ্রুত সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব বাহিনীকে সমন্বিতভাবে মাঠ পর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, নির্বাচন সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি ও প্রচার-প্রচারণাকালে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না ঘটে, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সাধারণ জনগণসহ সংশ্লিষ্ট সবাইকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সহযোগিতা এবং নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তারা সফল হবে না। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এবারের জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রসহ যে কোনো স্থানে এবং যে কোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ ও নির্বাচন বিঘ্নকারী অপতৎপরতা প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।