পিরোজপুরে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাক প্রতিবন্ধী মারুফ সিকদার বলে পরিবারের দাবি

Khan Arif
প্রকাশিত January 9, 2026, 19:21 PM
পিরোজপুরে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাক প্রতিবন্ধী মারুফ সিকদার বলে পরিবারের দাবি

নিজস্ব প্রতিবেদক,

পিরোজপুরে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবি, উদ্ধার হওয়া মরদেহটি ১৭ দিন আগে নিখোঁজ হওয়া বাক প্রতিবন্ধী যুবক মারুফ সিকদারের (২৭)। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে পিরোজপুর সদর উপজেলার ব্রাহ্মণকাঠি গ্রামের ব্রাহ্মণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিখোঁজ মারুফ সিকদার পিরোজপুর সদর উপজেলার রায়েরকাঠি গ্রামের সাহেদ সিকদারের ছেলে।

পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও মরদেহের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের খালের ঝোপের মধ্যে একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে ১৭ দিন ধরে নিখোঁজ থাকা এক বাক প্রতিবন্ধী যুবকের পরিবার ঘটনাস্থলে এসে মরদেহটি তাদের নিখোঁজ সদস্য মারুফ সিকদারের বলে দাবি করে।

পরিবারের অভিযোগ, মারুফের স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল এবং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত মারুফের বাবা সাহেদ সিকদার বলেন, “গত মাসের ২৩ তারিখ আমার বাক প্রতিবন্ধী ছেলে নিখোঁজ হয়। আজ যে মরদেহটি উদ্ধার হয়েছে, সেটি দেখে আমি নিশ্চিত এটা আমার ছেলের। তার স্ত্রী ও শ্বশুরবাড়ির সঙ্গে তার দীর্ঘদিন ধরে মনোমালিন্য ছিল। আমার ধারণা, আমার ছেলেকে হত্যা করা হয়েছে।”

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি মো. মাহমুদ হোসেন বলেন, “ব্রাহ্মণকাঠি গ্রাম থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। একটি পরিবার মরদেহটি তাদের নিখোঁজ সন্তানের বলে দাবি করছে। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ শনাক্তকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।”

মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন....