কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বাসচাপায় ইউপি দফাদার নিহত, বাবা আশঙ্কাজনক

Khan Arif
প্রকাশিত January 23, 2026, 19:27 PM
কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বাসচাপায় ইউপি দফাদার নিহত, বাবা আশঙ্কাজনক

মোঃ হাসিবুল ইসলাম, মহিপুর প্রতিনিধি:

কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ শাহজালাল হাওলাদার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা হায়দার আলী হাওলাদার (৮০) গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে মহাসড়কের উমেদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
​নিহত শাহজালাল হাওলাদার লতাচাপলী ইউনিয়ন পরিষদের দফাদার এবং লতাচাপলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাজুরা গ্রামের বাসিন্দা ছিলেন।
​স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শাহজালাল হাওলাদার তাঁর বৃদ্ধ বাবা হায়দার আলী হাওলাদারকে সাথে নিয়ে মোটরসাইকেলে করে কলাপাড়ায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে উমেদপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।
​দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহজালাল হাওলাদারকে মৃত ঘোষণা করেন। নিহত শাহজালালের বাবা হায়দার আলী হাওলাদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার করা হয়েছে।
​এ ঘটনায় লতাচাপলী ইউনিয়নসহ এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন....