
নিজস্ব প্রতিবেদক,
বরগুনার তালতলী উপজেলায় প্রেমের সম্পর্ক পারিবারিকভাবে মেনে না নেওয়ায় স্বাধীন দাশ (১৫) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৭টার দিকে উপজেলার তালতলী পাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত স্বাধীন দাশ ওই এলাকার প্রদীপ দাশের ছেলে। সে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বেহেলা এলাকার এক তরুণীর সঙ্গে স্বাধীনের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে অসম্মতি জানানোয় সে বাবা-মায়ের ওপর অভিমান করে। মঙ্গলবার রাতে সবার অলক্ষ্যে নিজ ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে সে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে তালতলী থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।