উজিরপুরে বাসচাপায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা নিহত

Khan Arif
প্রকাশিত February 1, 2026, 13:56 PM
উজিরপুরে বাসচাপায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক,

বরিশালের উজিরপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে বাসচাপায় রিপন বিশ্বাস (৪৩) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইচলাদী টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন বিশ্বাস আগৈলঝাড়া উপজেলার রামান্দী গ্রামের মুদেব বিশ্বাসের ছেলে। তিনি গ্রামীণ ব্যাংকে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মহাসড়ক পারাপারের সময় বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসচালক গাড়িটি সড়কের পাশে রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শামিম শেখ বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....