বাকেরগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ

Khan Arif
প্রকাশিত February 4, 2026, 11:05 AM
বাকেরগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক,

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল জব্বার সিকদারের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

 

মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোররাতে উপজেলার কবাই ইউনিয়নের শিয়ালঘুনি গ্রামে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

 

আওয়ামীলীগ নেতা আবদুল জব্বার সিকদারের ভাইপো ইয়াছিন সিকদার জানান, সোমবার বেলা ১২ টার সময় তিনি বাড়ী সংলগ্ন নদীর তীর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় তিনি তার চাচা জব্বার সিকদারের বাড়ীর ভেতর থেকে আগুনে পোড়া গন্ধ পান। তখন তিনি ওই বাড়ীর কাছে গিয়ে দেখেন বাড়ীর সামনের কক্ষের জানালার গ্লাস খোলা এবং ভেতরে খাট, একটি এয়ারকুলার ও একটি এলইডি টিভি পুড়ে ভস্মীভূত হয়েছে। বিষয়টি সাথে সাথে থানা পুলিশকে জানানো হয়েছে বলে তিনি জানান।

 

 

 

জব্বার সিকদারের চাচাতো ভাই মোঃ রহমত উল্লাহ জানান, গত ৫ আগস্টের পর থেকে তার চাচাতো ভাই আবদুল জব্বার সিকদার ও তার পরিবারের কেউ ওই বাড়ীতে থাকেন না। বাড়ীটি লোকজন ছাড়াই সম্পূর্ণ খালি রয়েছে। এ সুযোগে দুর্বৃত্তরা জানালার গ্লাস খুলে বাড়িতে অগ্নিসংযোগ করেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

 

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম সোহেল রানা বলেন, কবাইতে জব্বার সিকদারের বাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত ভুক্তভোগী পরিবারের কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। তাছাড়া কে বা কারা এর সঙ্গে যুক্ত, তা কেউ নিশ্চিত করতে পারেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....