​‘গুপ্ত পরিচয়ধারীরা এখন নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে’: বরিশালে তারেক রহমান

Khan Arif
প্রকাশিত February 4, 2026, 16:47 PM
​‘গুপ্ত পরিচয়ধারীরা এখন নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে’: বরিশালে তারেক রহমান

বরিশাল ব্যুরো খান আরিফ,

দীর্ঘ ২০ বছর পর বরিশালের পুণ্যভূমিতে নির্বাচনী জনসভায় ভাষণ দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত এই বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “স্বৈরাচারের মতোই বাংলাদেশের একটি রাজনৈতিক দল—যাদের জনগণ ‘গুপ্ত’ পরিচয়ে চেনে—তারা এখন নতুন জালিম রূপে আবির্ভূত হয়েছে। এদের কাছে দেশের মা-বোনরা নিরাপদ নয়।”

​জনগণের রায় ও জবাবদিহির সরকার

​তারেক রহমান তার বক্তব্যে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, “বাংলাদেশ চলবে জনগণের রায়ের মধ্য দিয়ে। ১২ ফেব্রুয়ারি জনগণ তাদের জবাবদিহিমূলক সরকার নির্বাচিত করবে।” তিনি ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন যে, স্বৈরাচারী কায়দায় গুণীজনদের অপদস্থ করা এবং মানুষকে ছোট করার রীতি এখনও বন্ধ হয়নি।

​‘মা-বোনদের প্রতি সম্মান নেই যাদের, তাদের বর্জন করুন’

​একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কড়া সমালোচনা করে বিএনপি চেয়ারম্যান বলেন, “অত্যন্ত কষ্ট ও ঘৃণার সাথে দেখছি, এই জালেমদের নেতা প্রকাশ্যে নারীদের নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। যাদের হৃদয়ে মা-বোনদের প্রতি ন্যূনতম শ্রদ্ধা নেই, তাদের কাছে বাংলাদেশের মানুষ আত্মসম্মানসূচক আচরণ আশা করতে পারে না। তাদের কাছে মানুষের কোনো মর্যাদা নেই।”

​কুমিল্লা নেতার বক্তব্যের কড়া জবাব

​কুমিল্লা জেলার এক ‘গুপ্ত’ নেতার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তারেক রহমান বলেন, “ওই নেতা বলেছেন ১২ তারিখ পর্যন্ত তারা জনগণের পা ধরবেন, আর ১২ তারিখের পর জনগণ নাকি তাদের পা ধরবে! এই বক্তব্যই প্রমাণ করে তারা জনগণকে কতটা তুচ্ছতাচ্ছিল্য করে। তাদের মানসিকতা কোন পর্যায়ের, তা আজ স্পষ্ট। এরা নির্বাচিত হলে জনগণের জীবনে দুর্বিষহ পরিস্থিতি নেমে আসবে। তাই এই ‘গুপ্তদের’ উচিত শিক্ষা দিতে হবে এবং তাদের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।”

​২০ বছর পর বরিশালে তারেক রহমান

​উল্লেখ্য, দীর্ঘ দুই দশক পর নির্বাচনী জনসভায় অংশ নিতে বুধবার বেলা ১১টা ৫৬ মিনিটে বরিশাল স্টেডিয়ামে হেলিকপ্টারে অবতরণ করেন তারেক রহমান। এরপর ১২টা ২৬ মিনিটে তিনি জনসভা মঞ্চে উপস্থিত হন। দুপুর ১টা ৯ মিনিট থেকে ১টা ৩৮ মিনিট পর্যন্ত দীর্ঘ বক্তব্যে তিনি দক্ষিণাঞ্চলের উন্নয়নের বিস্তারিত রূপরেখা তুলে ধরেন।

​বক্তব্য শেষে তিনি বরিশাল বিভাগের ১৯টি আসনের ধানের শীষের প্রার্থী এবং শরীক দলের ২ জন প্রার্থীর সাথে উপস্থিত জনতাকে পরিচয় করিয়ে দেন।

সংবাদটি শেয়ার করুন....