
নিজস্ব প্রতিবেদক,
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে বরিশালের সাংবাদিকদের জন্য প্রেস কার্ড বিতরণে চরম বৈষম্যের অভিযোগ উঠেছে জেলা প্রশাসক (ডিসি) খায়রুল আলম সুমনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, প্রকৃত মাঠপর্যায়ের সংবাদকর্মীদের উপেক্ষা করে বিশেষ কোনো গোষ্ঠী বা নির্দিষ্ট কিছু সংগঠনের সুপারিশ অনুযায়ী কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিকদের দাবি, অনলাইন পোর্টাল ও স্থানীয় পত্রিকার অনেক সংবাদকর্মী যথাযথ প্রক্রিয়ায় আবেদন করার পরও তাদের কার্ড দেওয়া হয়নি। বরং ডিসি কার্যালয়ের সাথে ঘনিষ্ঠতা রয়েছে এমন গুটি কয়েক সংগঠনের সদস্যদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই ঘটনায় বরিশালের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
বরিশাল জেলা শহরে নাম মাত্র কিছু মিডিয়া হাউজকে প্রেস কার্ড দিয়ে বেশিরভাগ সাংবাদিকদের নির্বাচনের সংবাদ সংগ্রহ থেকে দূরে রেখে জেলা প্রশাসক খায়রুল আলম সুমন কোন উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, এবার নির্বাচন কমিশন সাংবাদিকদের কার্ডের জন্য অনলাইন আবেদন বাধ্যতামূলক করলেও মাঠপর্যায়ে রিটার্নিং অফিসারের (ডিসি) কার্যালয় থেকে কার্ড বিতরণের সময় এই বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সাংবাদিক নেতারা অবিলম্বে এই সমস্যার সমাধান করে সকল পেশাদার সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।