
মোঃ জামাল হোসেন খান,
জাতীয় দৈনিক ‘দৈনিক আজকালের কণ্ঠ’ পত্রিকার ক্রাইম রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন বাকেরগঞ্জের কৃতি সন্তান ও সাহসী সাংবাদিক খান মেহেদী। দক্ষিণ জনপদের গণমুখী সাংবাদিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী এই সংবাদকর্মী তার কাজের স্বীকৃতিস্বরূপ নতুন এই দায়িত্ব লাভ করেন।
খান মেহেদী ১৯৯৭ সালে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ২০১৪ সালে সাংবাদিকতা পেশায় পদার্পণ করেন তিনি। পেশাগত জীবনের শুরুতেই তার কর্মদক্ষতা ‘সময় এক্সপ্রেস নিউজ’-এর সম্পাদক ও প্রকাশক আবু নাঈমের নজরে আসে এবং তার হাত ধরেই পেশাদার সাংবাদিকতায় মেহেদীর পথচলা শুরু হয়।
কেবল শখের বসে নয়, দক্ষিণ জনপদের অবহেলিত ও নির্যাতিত মানুষের অধিকার আদায়ে তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন। তার লেখনীর মাধ্যমে সমাজের বিভিন্ন ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। সত্যের সন্ধানে এবং অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি একাধিকবার হামলা ও মামলার শিকার হলেও দমে যাননি।
মানবিক সাংবাদিকতায় দৃষ্টান্ত:
তার লেখনীর মাধ্যমে অনেক গৃহহীন মানুষ মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন, ভিক্ষুক শিশু ফিরে পেয়েছে বিদ্যালয়ের পরিবেশ। এছাড়া চিকিৎসার অভাবে ধুঁকতে থাকা মুমূর্ষু রোগী পেয়েছেন সুচিকিৎসার সুযোগ এবং অবহেলিত মায়ের ঠাঁই হয়েছে সন্তানের ঘরে।
সাহসী ভূমিকা:
দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন খান মেহেদী। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অনিয়ম নিয়ে তার সাহসী প্রতিবেদনগুলো ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এছাড়া অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তিনি মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বধ্যভূমি রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। এলাকার ভাঙাচোরা রাস্তাঘাট ও সেতুর বেহাল দশা নিয়ে তার প্রতিবেদনগুলো স্থানীয় জনদুর্ভোগ লাঘবে ভূমিকা রেখেছে।
সাংগঠনিক কর্মকাণ্ড:
খান মেহেদী বর্তমানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, বাকেরগঞ্জ উপজেলা শাখার প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাকেরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-প্রচার সম্পাদক, ‘ঢাকার বার্তা’ ও ‘প্রতিদিন সংবাদ’-এর নিউজ এডিটর, এবং ‘বাকেরগঞ্জ দর্পণ’-এর সহ-বার্তা সম্পাদক হিসেবে কর্মরত। তিনি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটিরও একজন সদস্য।
একাধারে লেখক, অভিনেতা ও নির্ভীক এই সাংবাদিক তার নতুন দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।