
খান আরিফ :
বরিশাল কোতোয়ালি মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার বর্তমানে পিরোজপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ কর্মরত রয়েছেন। তার নামে থাকা বিপুল সম্পদের উৎস নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
অভিযোগকারীদের দাবি, সাবেক ওসি আনোয়ার আওয়ামী লীগের সাবেক জেলা সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ ও সাদিক আবদুল্লাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং তাদের রাজনৈতিক প্রভাববলয়ের সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল।
এদিকে অভিযোগ রয়েছে, বরিশাল নগরীর আরসাদ আলী কন্ট্রাক্টর গলি ও বাংলাবাজার এলাকায় সাবেক ওসি আনোয়ারের একটি পাঁচতলা বাড়ি রয়েছে। এছাড়া তার নামে বা মালিকানায় আরও দুটি ফ্ল্যাট রয়েছে বলেও দাবি করেছেন অভিযোগকারীরা। তাদের দাবি, ওই ফ্ল্যাট দুটির বাজারমূল্য প্রায় কোটি টাকা।
একজন সরকারি পুলিশ কর্মকর্তার বৈধ আয় ও ঘোষিত সম্পদের সঙ্গে এসব সম্পদের সামঞ্জস্য রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি এসব সম্পদ কীভাবে অর্জিত হয়েছে এবং এর বৈধ উৎস কী—তা খতিয়ে দেখার দাবি উঠেছে।
এ বিষয়ে সাবেক ওসি আনোয়ারের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের সঙ্গে সরাসরি দেখা করে বিষয়টি নিয়ে কথা বলবেন বলে জানান।