
আসাদুজ্জামান সোহাগ:
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজ পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক সংস্কারকাজের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় এ উন্নয়নকাজের উদ্বোধন করেন ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম জামাল।
দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও চলাচলের অযোগ্য এই ব্যস্ততম সড়কটির সংস্কারকাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে স্থানীয় বাসিন্দাদের মাঝে।
রাস্তাটি সংস্কার হলে শিক্ষার্থীদের কলেজে আসা-যাওয়াসহ সর্বসাধারণের যাতায়াত অনেক সহজ ও সময়বান্ধব হবে বলে মনে করছেন স্থানীয়রা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, “এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করতেই অগ্রাধিকার ভিত্তিতে এই সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কাজের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।”
আমুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনসুরুল আজিজ, কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মকবুল হোসেন, কাঁঠালিয়া থানার ওসি মো. আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন।
প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর, নির্দেশনায় ছিলেন আমুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো জাকির হোসেন কবির হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. শহিন হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মো হাছিব ভুট্টো আকন, যুবদলের সদস্যসচিব জয়নাল আবেদীন ওলামা দলের আহবায়ক ক্বারী নেয়ামত উল্লাহ ও মো. নাজমুছ সালেহ মামুন আকনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে এলাকার সার্বিক উন্নয়ন, দেশ ও জাতির মঙ্গল এবং সড়কের নির্মাণকাজ যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই প্রার্থনা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।