বরিশালের কাওসার মাহমুদ জিতলেন সেরা ক্রিকেট ধারাভাষ্যের পুরস্কার

Khan Arif
প্রকাশিত September 26, 2026, 13:16 PM
বরিশালের কাওসার মাহমুদ জিতলেন সেরা ক্রিকেট ধারাভাষ্যের পুরস্কার

পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি:

বাংলাদেশ প্রফেশনাল স্পোর্টস কমেন্টেটরস অ্যাসোসিয়েশন আয়োজিত ধারাভাষ্য কর্মশালা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ক্রিকেট ধারাভাষ্য অডিশনে প্রথম স্থান অর্জন করেছেন বরিশালের কাওসার মাহমুদ।

সম্প্রতি রাজধানীতে আয়োজিত এই অডিশনে প্রায় ১৩০ জন প্রতিযোগী অংশ নেন। তাদের পেছনে ফেলে কাওসার মাহমুদ ক্রিকেট ধারাভাষ্যে প্রথম স্থান অর্জন করেন।
অডিশনের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলা ধারাভাষ্যের জীবন্ত কিংবদন্তি আলফাজ উদ্দিন আহমেদ, ধারাভাষ্যকার শামসুল ইসলাম, কামরুজ্জামান, ডা. অনুপম হোসাইন, আহমেদ বিন পারভেজ এবং বাংলাদেশ বেতারের প্রযোজক রফিক আকন্দ।
অনুষ্ঠানে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের প্রখ্যাত ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরীর কাছ থেকে প্রথম স্থান অর্জনের সম্মাননা স্মারক গ্রহণ করেন কাওসার মাহমুদ।

বরিশালের এই তরুণের এমন অর্জনে স্থানীয় ক্রীড়াঙ্গন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, কাওসার মাহমুদের এ সাফল্য বরিশালের ক্রীড়া ও ধারাভাষ্য জগতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

সংবাদটি শেয়ার করুন....