ঝালকাঠিতে জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Khan Arif
প্রকাশিত September 26, 2026, 20:03 PM
ঝালকাঠিতে জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি:

জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি শহরের কোর্ট রোড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা তরুণ দলের সভাপতি মো. রবিউল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালনা করেন জেলা তরুণ দলের সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউল কবির লাবু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তরুণ সমাজই দেশের মূল চালিকাশক্তি। দলের ভাবমূর্তি উজ্জ্বল রাখার পাশাপাশি দেশ ও সরকারের উন্নয়নমূলক কাজ এবং সাফল্যের চিত্র সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তরুণ দলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “একটি সমৃদ্ধ ও সুশাসিত সমাজ গঠনে মাদকমুক্ত পরিবেশ ও অন্যায়-অবৈধ প্রভাবমুক্ত রাজনীতির চর্চা আবশ্যক। তরুণদের নীতি ও আদর্শকে বুকে ধারণ করে জনগণের সঙ্গে নিবিড় সংযোগ স্থাপন করতে হবে, যাতে সাধারণ মানুষ রাজনীতির প্রকৃত সুফল দেখতে পায়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান বশির।
এছাড়া বক্তব্য রাখেন জেলা তরুণ দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মামুন, দপ্তর সম্পাদক ইলিয়াস খান, সদর উপজেলা তরুণ দলের সভাপতি শামসুল আলম নান্না, পৌর তরুণ দলের সভাপতি মো. সোহেল শিকদার, পৌর তরুণ দলের সাধারণ সম্পাদক মো. বাপ্পি গাজী, দপ্তর সম্পাদক আলতাফ হোসেন এবং তরুণ দলের মহিলা নেত্রী হেলেনা বেগমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় জেলা, উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন শাখা থেকে আসা জাতীয়তাবাদী তরুণ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মামুন।

সংবাদটি শেয়ার করুন....