র‍্যাগিং: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪ বিভাগের ৪৮ শিক্ষার্থীর শাস্তি।

Khan Arif
প্রকাশিত October 1, 2026, 12:49 PM
র‍্যাগিং: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪ বিভাগের ৪৮ শিক্ষার্থীর শাস্তি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে চার বিভাগের মোট ৪৮ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী অপরাধের মাত্রা বিবেচনায় এই শাস্তির আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার থেকে স্ব স্ব বিভাগ ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের লিখিত চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আবদুল আলিম বছির জানান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, অপরাধের ধরন অনুযায়ী, শিক্ষার্থীদের তিন ক্যাটাগরিতে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- এক বছরের জন্য একাডেমিক বহিষ্কার অথবা ২০ হাজার টাকা জরিমানা, ছয় মাসের একাডেমিক বহিষ্কার অথবা ১৫ হাজার টাকা জরিমানা এবং ১০ হাজার টাকা জরিমানা।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রাহাত হোসাইন ফয়সাল বলেন, “শিক্ষার্থীরা যেন প্রথমবার নিজেদের ভুল শুধরে নেওয়ার সুযোগ পায়, সেই কারণে বহিষ্কারের পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ জরিমানের সুযোগ রাখা হয়েছে। তবে ভবিষ্যতে এমন অপরাধের পুনরাবৃত্তি হলে সরাসরি বহিষ্কারাদেশ কার্যকর হবে।”

সাজাপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে আইন বিভাগের পাঁচজন, মার্কেটিং বিভাগের ১৯ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৪ জন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০ জন শিক্ষার্থী রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন....