
বরিশালের হিজলায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালানোর সময় কোস্ট গার্ডের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় কোস্ট গার্ডের সহায়তায় এগিয়ে যাওয়া মৎস্য অধিদপ্তরের স্পিডবোটেও হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্ট গার্ড ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
ইলিশ ধরায় নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার চরজানপুর এলাকার মেঘনা নদীর ৭ নম্বর ঘাটে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে নিয়মিত টহল দিচ্ছিল কোস্ট গার্ড। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের চেষ্টাকারী একদল জেলে সংঘবদ্ধ হয়ে টহল দলের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষায় কোস্ট গার্ড সদস্যরা সতর্ক অবস্থান নেন এবং ১১ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করেন।