ভোলা-২ আসনে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও জামায়াতের একক প্রার্থী

Khan Arif
প্রকাশিত September 12, 2025, 19:27 PM
ভোলা-২ আসনে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও জামায়াতের একক প্রার্থী

মঞ্জু পাটোয়ারী:স্টাফ রিপোর্টার। আসছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোলার রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। জেলার চারটি আসনের মধ্যে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ভিড় সবচেয়ে বেশি। এদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একজন প্রার্থী ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে।

ভোলা জেলায় রয়েছে চারটি আসন—ভোলা-১ (সদর), ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন), ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) এবং ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা)। প্রতিটি আসনই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় মনোনয়নপ্রত্যাশীরা এখন থেকেই প্রচারণা ও জনসংযোগ শুরু করেছেন।

বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা
ভোলা-২ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে ইতোমধ্যেই মাঠে নেমেছেন কয়েকজন তাদের মধ্যে রয়েছেন

সাবেক এমপি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম

সাবেক ছাত্র ও জাসাস নেতা, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছোটন বিশ্বাস

প্রবাসী শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম (যুক্তরাষ্ট্র)

শ্রমিক নেতা রফিকুল ইসলাম মমিন

সহকারী এটর্নি জেনারেল ও আইনজীবী নেতা এডভোকেট খলিলুর রহমান

জামায়াতের একক প্রার্থী
অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ভোলা-২ আসনে লড়বেন মাওলানা ফজলুল করিম। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখানকার প্রার্থী চূড়ান্ত করেনি।

প্রতিযোগিতা গণতন্ত্রের সৌন্দর্য

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির মতো বড় দলে মনোনয়নের প্রতিযোগিতা থাকাটাই স্বাভাবিক। প্রতিদ্বন্দ্বিতা যত বাড়বে, দলের ভেতরে গণতান্ত্রিক চর্চাও তত জোরদার হবে। ২০১৮ সালের নির্বাচনে ৩০০ আসনের বিপরীতে বিএনপি ৪ হাজার ৫০০ মনোনয়ন ফর্ম বিক্রি করেছিল। এবারের নির্বাচনে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

জনগণের ক্ষোভ
ভোলা-২ আসনের সাধারণ ভোটারদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বিএনপি থেকে একাধিক প্রার্থী মাঠে থাকায় ভোটাররা বিব্রত অবস্থায় পড়ছেন। স্থানীয়দের অভিযোগ, “একজন প্রার্থীর সঙ্গে সম্পর্ক রাখলে অন্যজনের কাছে বিপদে পড়তে হয়।” এতে করে ভোটাররা অস্বস্তিতে থাকলেও শেষ পর্যন্ত যোগ্য ও জনপ্রিয় প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি তাদের।

জনগণের রায়ই চূড়ান্ত
ভোটাররা মনে করেন, জনপ্রিয়তা, ত্যাগ ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী মনোনীত হওয়া উচিত। তবে শেষ পর্যন্ত ভোলা-২ আসনের জনগণের রায়ই নির্ধারণ করবে কে হবেন আগামী দিনের জন প্রতিনিধি।

সংবাদটি শেয়ার করুন....