ইমামের আজানের মধ্যেই চুরির ঘটনা গৌরনদীতে

Khan Arif
প্রকাশিত October 21, 2025, 11:28 AM
ইমামের আজানের মধ্যেই চুরির ঘটনা গৌরনদীতে

নিজস্ব প্রতিবেদন,

বরিশালের গৌরনদী উপজেলার বড়কসবা কাজী আব্দুল আউয়াল শাহী জামে মসজিদে আজানের সময় চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে যোহরের নামাজের আজান চলাকালীন এ ঘটনা ঘটে।

জানা গেছে, মসজিদটি ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে অবস্থিত। ওই সময় মসজিদের ইমাম মাওলানা মেহেদী হাসান আজান দিচ্ছিলেন। এরই সুযোগে এক অজ্ঞাত চোর মসজিদে প্রবেশ করে ইমামের কক্ষে ঢুকে পাঞ্জাবির পকেট থেকে তিন হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক নারী জানান, “আমি ভেবেছিলাম মসজিদে মুসল্লি ঢুকছে নামাজ পড়তে। পরে জানতে পারি আজানের মধ্যেই ইমামের কক্ষ থেকে টাকা চুরি করেছে চোর।”

ইমাম মাওলানা মেহেদী হাসান বলেন, “আজানের সময় কক্ষে কেউ প্রবেশ করেছে তা গ্লাসের মাধ্যমে দেখতে পেলেও আজান ছেড়ে চোর ধরতে যাওয়া সমীচিন মনে করিনি। আজান শেষে খুঁজেও চোরকে পাওয়া যায়নি।”

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “ঘটনাটি আমাদের জানা নেই। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয়রা মসজিদে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন....