তালতলীতে বিএনপি নেতা মোস্তাক আবারও দলে ফিরলেন

Khan Arif
প্রকাশিত November 25, 2025, 14:17 PM
তালতলীতে বিএনপি নেতা মোস্তাক আবারও দলে ফিরলেন

নিজস্ব প্রতিবেদন,

তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি। শনিবার (২৪ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় প্রাথমিক সদস্যপদ ফেরত দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। পরে জনপ্রিয় নেতাকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সুপারিশ এবং ঘটনাটি পুনর্বিবেচনার মাধ্যমে তার বিরুদ্ধে নেওয়া সাংগঠনিক সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। জনপ্রিয় এ নেতার বহিষ্কারাদেশ ফিরিয়ে দেওয়ার জন্য তালতলীর বিভিন্ন পর্যায়ের মানুষ দাবি করে আসছিলেন। এ নিয়ে দৈনিক জনকন্ঠ পত্রিকা একটি সংবাদ প্রকাশ করে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়তেই তালতলী উপজেলার বিভিন্ন এলাকায় তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। স্থানীয়ভাবে জনপ্রিয় এই নেতাকে আবারও দলে ফিরিয়ে নেওয়ায় অনেকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানান।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর প্রতিক্রিয়ায় মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, “আমার বিরুদ্ধে জারি করা বহিষ্কারাদেশ কেন্দ্রীয় বিএনপি প্রত্যাহার করায় আমি দলের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিএনপি আমার রাজনৈতিক পরিচয়, আদর্শ ও বিশ্বাসের জায়গা। এই পরিবারের অংশ হয়ে আবার কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমি সবসময় দলের সিদ্ধান্তকে শ্রদ্ধা করেছি এবং ভবিষ্যতেও সংগঠনের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেব।

তালতলীর তৃণমূল নেতাকর্মীরা যেভাবে আমার পাশে থেকেছেন, তা আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় শক্তি। তাদের ভালোবাসা ও সমর্থন আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। আগামী দিনে দলকে সুসংগঠিত করা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখাই হবে আমার প্রধান লক্ষ্য।”

সংবাদটি শেয়ার করুন....